ত্রিপুরা রাজ্য জুড়ে চোর, ছিনতাইকারী এবং নেশা কারবারিদের উপদ্রব চরমে পৌঁছেছে। এর মাঝেই বৃহস্পতিবার ভরদুপুরে আগরতলার বাধারঘাট এলাকায় এক চাঞ্চল্যকর ও দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটল। এক মহিলার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ল এক কুখ্যাত মহিলা ছিনতাইকারী। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেয়। অভিযোগ মূলে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার আগরতলা বাধারঘাট মাতৃপল্লী স্থিত দূরদর্শন স্টাফ কোয়ার্টার সংলগ্ন মতিলাল মিত্র নামে এক ব্যক্তির বাড়িতে। এদিন দুপুরে বাড়ির একাকীত্বের সুযোগ নিয়ে এক মহিলা দুষ্কৃতী উনার ঘরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই সে মতিলাল মিত্রের স্ত্রী বাণী মিত্রের চোখে সরাসরি মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। যন্ত্রণায় বাণী মিত্র ছটফট করতে শুরু করলে, তাঁর গলা থেকে স্বর্ণের চেইনটি হ্যাঁচকা টানে ছিঁড়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ওই মহিলা ছিনতাইকারী। চোখের তীব্র যন্ত্রণার মধ্যেও বাণী মিত্র চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এবং এলাকার মহিলারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। বাড়ি থেকে বের হয়ে পালানোর সময় চারপাশ থেকে ঘিরে ধরে ওই মহিলা ছিনতাইকারীকে হাতেনাতে পাকড়াও করা হয়।

এরপরই এলাকার ক্ষুব্ধ মহিলারা একত্রিত হয়ে ওই মহিলা ছিনতাইকারীকে বেধড়ক গণধোলাই দেন। ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় আমতলী থানায়। খবর পেয়ে আমতলী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয়রা ধৃত মহিলা ছিনতাইকারীকে পুলিশের হাতে সোপর্দ করেন। পুলিশ স্বর্ণের চেইনটি উদ্ধার করেছে এবং অভিযুক্ত মহিলা ছিনতাইকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই ঘটনার পর আগরতলা বাধারঘাট মাতৃপল্লী এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী বাণী মিত্র এবং স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিয়ে জানান, বর্তমানে ত্রিপুরায় সাধারণ মানুষের নিরাপত্তা তলানিতে ঠেকেছে।চোর-ছিনতাইকারীদের পাশাপাশি এলাকায় নেশা পাচারকারীদের দৌরাত্ম্য বহুগুণ বেড়েছে। আতঙ্কিত এলাকাবাসীর জোরালো দাবি, পুলিশ প্রশাসন যেন অনতিবিলম্বে চোর, ছিনতাইকারী এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোরতম আইনি পদক্ষেপ গ্রহণ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে।
ভিও

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *