কোচবিহার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী হেরিটেজ লালদিঘিতে ব্যাপক হারে মাছের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দিঘির জলে একের পর এক মৃত মাছ ভেসে উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই দিঘির পাড়ে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা প্রত্যক্ষদর্শীদের দাবি, গত কয়েকদিন ধরেই জলের রং পরিবর্তন হতে শুরু করেছিল। এদিন সকালে হঠাৎ করেই বিভিন্ন আকারের বহু মাছ মরে ভেসে ওঠে। কী কারণে এই ঘটনা , তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


স্থানীয়দের একাংশের অনুমান, জল দূষণ থেকেই এই ঘটনা ঘটতে পারে। আবার অনেকের মতে, জলে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া বা অতিরিক্ত গরমের কারণেও এমনটা হতে পারে। তবে প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।
কোচবিহার রাজ আমলের স্মৃতি বিজড়িত এই লালদিঘি শুধু একটি জলাশয় নয়, শহরের ঐতিহ্য ও আবেগের সঙ্গে জড়িয়ে। এইভাবে মাছের মৃত্যুতে পরিবেশপ্রেমী মহলেও উদ্বেগ তৈরি হয়েছে। দিঘির বাস্তুতন্ত্র রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে। জলের নমুনা পরীক্ষা করে মাছ মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা এবং দিঘি সংস্কারে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এখন প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে সকলে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *