বৃহস্পতিবার আগরতলা-আখাউড়া ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন বাইপাস রোড এলাকা সরজমিনে পরিদর্শন করলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মূলত বর্ষার মরসুমে এই এলাকার জল নিকাশি ব্যবস্থা এবং সার্বিক পরিকাঠামো খতিয়ে দেখতেই এই বিশেষ পরিদর্শনের উদ্যোগ নেওয়া হয় বলে সংবাদ মাধ্যমকে মেয়র জানিয়েছেন। এই পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু দে গুহ, আগরতলা পৌর নিগমের কমিশনার এবং নিগমের অভিজ্ঞ ইঞ্জিনিয়ার ও পৌর নিগমের আধিকারিকরা। বর্ষাকালে আগরতলা – আখাউড়া ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকার বাইপাস রোডে জল জমার সমস্যা দীর্ঘদিনের। জলনিকাশি নালাগুলির বর্তমান অবস্থা এবং জল নিষ্কাশনের গতি খতিয়ে দেখেন

মেয়র, ইঞ্জিনিয়ার ও পৌর নিগমের আধিকারিকরা। রাস্তার বর্তমান পরিস্থিতি এবং স্থানীয় নাগরিকদের যাতায়াতের সুবিধা-অসুবিধা নিয়ে নিগম আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় মেয়রের। পরিদর্শনকালে মেয়র দীপক মজুমদার ও কর্পোরেটররা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।পরিদর্শন শেষে মেয়র দীপক মজুমদার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সীমান্ত এলাকার নাগরিকদের দুর্ভোগ লাঘব করতে পৌর নিগম বদ্ধপরিকর। বর্ষার মরসুমে যাতে জল জমে জনজীবন বিপর্যস্ত না হয়, তার জন্য ইঞ্জিনিয়ারদের দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাস্টার প্ল্যান তৈরি করে এই এলাকার ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান করা হবে বলে তিনি আশ্বাস দেন।পৌর নিগমের এই তৎপরতায় সীমান্ত এলাকার ভারতীয় বাসিন্দারা দ্রুত জলযন্ত্রণা ও খানাখন্দের সমস্যা থেকে মুক্তি পাবেন বলে আশা প্রকাশ করেছেন মেয়র দীপক মজুমদার।

