তোলা-বাজি, অ*স্ত্র দেখিয়ে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং কাটমানি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকারের স্বামী তথা যুব তৃণমূল সভাপতি সুরঞ্জন মালাকারকে বুধবার গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। পরে আদালতে তোলার জন্য নিয়ে যাওয়ার সময় জনরোষের মুখে পড়তে হয় সুরঞ্জন মালাকারকে। বিক্ষুব্ধ জনতা তাঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে এবং অভিযুক্তকে প্রিজন ভ্যানে তুলতে রীতিমতো নাজেহাল হতে হয় শিবদাসপুর থানার পুলিশকে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযোগগুলির বিষয়ে অভিযুক্ত বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

