সমুদ্র বাঁধ উপচে নোনা জলে ঢুকে প্লাবিত হয়ে গেল পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা। বৃহস্পতিবার জোয়ারের সময় হঠাৎই গ্রামের পূর্ব -পশ্চিমের ১২০০ মিটার বেহাল সমুদ্র বাঁধ থেকে নোনা জল ঢুকে পড়ে। এই ঘটনার জেরে প্রায় ৩০০ বিঘা কৃষিজমি প্লাবিত হয়ে গিয়েছে। এছাড়াও প্রায় ৫০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। নোনা জল ঢুকে ধানের বীজতলা ও পুকুরের মাছ নষ্ট হয়ে গিয়েছে।

এমনকি গ্রামের একটি নলকূপ নোনা জলে ডুবে গিয়েছে। যে কারণে এই মুহূর্তে ওই গ্রামে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে কোনো হেলদোল করা হচ্ছে না। তাঁদের দাবি, এখানে পাকাপোক্ত বাঁধ তৈরি করা না হলে, আগামী দিনে এই গ্রাম সমুদ্র গর্ভে তলিয়ে যাবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে ওখানে নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হবে। পানীয় জলসহ অন্যান্য বিষয়ে গ্রামবাসীদের যাতে সমস্যা না হয়, সেদিকে নজর রাখা হয়েছে।

