শিলিগুড়ি, ১০ আগস্টঃ শহরের দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধানে উদ্যোগী হলেন পর্যটন তথা পরিষদীয় মন্ত্রী শংকর ঘোষ। হিলকার্ট রোড ও বিধান রোডে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে প্রায়শই তৈরি হওয়া যানজট কমাতেই নেওয়া হয়েছে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
আগেই মন্ত্রী জানিয়েছিলেন, শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডকে পার্কিং জোন হিসেবে ব্যবহার করা হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে এগিয়ে ইতিমধ্যেই শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে সেখানে কাজ শুরু হয়েছে। বিধান রোড সংলগ্ন প্রাচীর ভেঙে প্রবেশ ও বের হওয়ার জন্য পৃথক রাস্তা তৈরি করা হয়েছে।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে এই পার্কিং ব্যবস্থার সূচনা করেন মন্ত্রী শংকর ঘোষ। নতুন এই ব্যবস্থার ফলে বিধান মার্কেট, হিলকার্ট রোড এবং ক্ষুদিরাম পল্লীর ব্যবসায়ীদের গাড়ি এখন থেকে নির্দিষ্ট পার্কিং জোনে রাখার ব্যবস্থা করা হয়েছে।

মন্ত্রী জানান, শহরের যানজট নিয়ন্ত্রণে রাখতে বিধান রোডের দোকানদার ও ব্যবসায়ীদের গাড়ি রাস্তার পরিবর্তে মেলা গ্রাউন্ডেই পার্কিং করতে হবে। পাশাপাশি, বাইরে থেকে শহরে আসা গাড়িগুলিও এই পার্কিং সুবিধা ব্যবহার করতে পারবে। এর ফলে বিধান রোড ও হিলকার্ট রোডে যানজট অনেকটাই কমবে বলে আশাবাদী প্রশাসন।
এই পার্কিং ব্যবস্থাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে—জোন ১-এ ব্যবসায়ীদের গাড়ি রাখা হবে এবং জোন ২-এ বাইরের গাড়ির জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রাথমিকভাবে প্রথম ১৫ দিন এই পার্কিং পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। এরপর নির্ধারিত ফি চালু করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের এই উদ্যোগে শহরের যান চলাচল আরও স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের পার্কিং সমস্যার সমাধান মিলবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

