প্রচারের শেষ লগ্নে পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মিছিলকে কেন্দ্র করে শুরু হওয়া বচসা মুহূর্তে ইটবৃষ্টি ও পাল্টা হামলায় রূপ নেয়।
সোমবার বিজেপির পূর্বনির্ধারিত সময় অনুযায়ী মহামিছিল সমুদ্রগড়ের দিকে এগোচ্ছিল। সেই সময় নশরতপুরে তৃণমূলের পার্টি অফিসের সামনে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল কর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন এবং মিছিল লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পাল্টা বিজেপি কর্মীরাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি ও মারপিট। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। তৃণমূলের অমল হালদার ও সানশা আলি শেখ কালনা মহকুমা হাসপাতালে ভর্তি। অন্যদিকে বিজেপির কমল দাস ও সৌভিক পানও চিকিৎসা নিয়েছেন একই হাসপাতালে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
ভোটের মুখে এই সংঘর্ষ ঘিরে সমুদ্রগড়ে চরম উত্তেজনা ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

