মহালয়া এখনও বাকি, তার আগেই আগমনীর সুরে জেগে উঠল দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ। বৃহস্পতিবার ভোরের আলো ফুটতেই শিউলি-ছাতিমের গন্ধ গায়ে মেখে পথে নামল খুদেরা। হাতে ছোট ছোট পতাকা, কণ্ঠে আগমনী গান – দেবীর আবাহনে বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করল সাহেবগঞ্জ সংগীত বিদ্যালয় তরুণ স্মৃতি সংগীত নিকেতন।

এদিন সকালে সাহেবগঞ্জ চৌপতিতে উদ্বোধনী সংগীত ও নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বিদ্যালয়ের খুদে পড়ুয়াদের পরিবেশনা মুহূর্তেই উৎসবের আবহ তৈরি করে। এরপর ঢাকের বোল, কাঁসর ঘণ্টা আর আগমনী গানের তালে তালে সাহেবগঞ্জের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রা। শেষ হয় দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে গিয়ে। সেখানেও মঞ্চ মাতায় খুদে শিল্পীরা।
এদিনের অনুষ্ঠানে খুদেদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়। তিনি প্রভাত ফেরিতে অংশ নেন এবং খুদে শিল্পীদের সঙ্গে সময় কাটান। এছাড়াও উপস্থিত ছিলেন নৃত্য শিক্ষিকা অমৃত চন্দ্র, বিশিষ্ট চিত্রশিল্পী অনুপ রায়, প্রসেনজিৎ ভৌমিক এবং বিদ্যালয়ের কর্ণধার গীতা সরকার। বিডিও অফিস চত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ ব্লকের বিডিও লামুহ ওয়াংদী।
প্রাক-মহালয়ার সকালে খুদেদের এই আয়োজন ঘিরে রীতিমতো উৎসবের আমেজ তৈরি হয় সাহেবগঞ্জে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *