যুবতীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম সোমনাথ বারুই।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য শান্তিনগরে ভাড়া থাকেন অভিযুক্ত। গতকাল নানা অজুহাতে ওই যুবতী ও তাঁর মাকে নিজের বাড়িতে ডেকে আনেন তিনি। অভিযোগপত্র অনুযায়ী, ঝাড়ফুঁক করবেন বলে যুবতীকে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়। মাকে বাইরে অপেক্ষা করতে বলা হয়। সেই সুযোগে ঘরের ভেতরে যুবতীকে শারীরিক হেনস্থা করার চেষ্টা করেন অভিযুক্ত। পরিস্থিতি বুঝতে পেরে কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে চিৎকার করতে করতে বাইরে পালিয়ে আসেন নির্যাতিতা।

ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলে বিক্ষোভ দেখান, মারধরের অভিযোগও উঠেছে।
খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। পরে নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের হলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

