রায়ডাক নদীর তীরে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা ভূটান ঘাট এবার পেতে চলেছে নতুন পরিচিতি। আলিপুরদুয়ার জেলার পর্যটন মানচিত্রে কুমারগ্রাম ব্লকে অবস্থিত এই অফবিট গন্তব্যকে তুলে ধরতে ময়দানে নামলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

বনমন্ত্রী মনোজ কুমার ওরাঁওয়ের আমন্ত্রণে গতকাল আলিপুরদুয়ারে আসেন মহাগুরু। বৃহস্পতিবার সকালেই তিনি পৌঁছে যান ভূটান ঘাটে। চারিদিকে পাহাড়, জঙ্গল আর নদীর অপূর্ব মেলবন্ধন দেখে মুগ্ধ হন তিনি। পরিদর্শন শেষে মিঠুন চক্রবর্তী বলেন, এত সুন্দর জায়গা লুকিয়ে আছে ভাবাই যায় না। এখানে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। এই জায়গাকে ঠিকভাবে তুলে ধরতে পারলে দেশ-বিদেশের পর্যটকরা ছুটে আসবেন। তার এই পরিদর্শনের ফলে ভূটান ঘাটকে কেন্দ্র করে উত্তরবঙ্গের পর্যটনে নতুন সম্ভাবনা তৈরি হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

