পুলিশি নজরদারি এড়াতে এবার মহিষ পাচারের ধরনে বদল আনল পাচারকারীরা। বিলাসবহুল যাত্রীবাহী গাড়িতে করে মহিষ পাচারের এক চাঞ্চল্যকর ও অভিনব চেষ্টা ব্যর্থ করে দিল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ। শুক্রবার গভীর রাতে একটি যাত্রীবাহী বোলেরো গাড়ি থেকে হাত-পা বাঁধা অবস্থায় দুটি মহিষ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের তাড়া খেয়ে গাড়ি ফেলে চম্পট দিয়েছে পাচারকারীরা।

পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার গভীর রাতে পশ্চিমবঙ্গ নম্বরের একটি যাত্রীবাহী বোলেরো গাড়ির সিটের তলায় অত্যন্ত অমানবিক ও গাদাগাদি অবস্থায় পা বেঁধে দুটি মহিষ নিয়ে যাওয়া হচ্ছিল। ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে গাড়িটি অসমের দিকে রওনা দিয়েছিল। গোপন সূত্রে এই খবর বারোবিশা ফাঁড়ির পুলিশের কাছে পৌঁছাতেই পুলিশকর্মীরা বারোবিশা নিউটাউন এলাকায় ওত পেতে থাকেন। পাশাপাশি জোড়াই ব্রিজের নাকাকেও সতর্ক করে দেওয়া হয়।নির্দিষ্ট গাড়িটি নিউটাউন এলাকায় আসতেই পুলিশ সেটিকে থামানোর চেষ্টা করে। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত পালানোর চেষ্টা চালায়। সঙ্গেসঙ্গে পুলিশও পিছু ধাওয়া করে। বেশ কয়েক কিলোমিটার তাড়া করার পর অবস্থা বেগতিক বুঝে পাচারকারীরা গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখেই অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়।পরবর্তীতে পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা দুটি মহিষ উদ্ধার করেছে। পাচারের কাজে ব্যবহৃত যাত্রীবাহী বোলেরো গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই আন্তঃরাজ্য পাচার চক্রের সাথে আর কারা যুক্ত রয়েছে, তার সন্ধানে জোরদার তল্লাশি ও তদন্ত শুরু করেছে কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিশ।

