পুজোর আগে বিকিকিনির ভরা মরশুমে ফুলেশ্বরী রেলগেট বন্ধ হয়ে যাওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের। অভিযোগ, বিকল্প রাস্তার ব্যবস্থা না করেই রেল কর্তৃপক্ষ হঠাৎ গেট বন্ধ করে দিয়েছে। এর জেরে ক্রেতাদের আনাগোনা প্রায় বন্ধ, চরম ক্ষতির মুখে স্থানীয় দোকানপাট।

এর প্রতিবাদেই বৃহস্পতিবার একদিনের প্রতীকী ধর্মঘট পালন করল ফুলেশ্বরী ব্যবসায়ী সমিতি। এদিন সকাল থেকেই এলাকার অধিকাংশ দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
সংগঠনের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, “পুজোর সময় আমাদের সারা বছরের ব্যবসার অনেকটাই হয়। এই সময় অপরিকল্পিতভাবে গেট বন্ধ করায় আমরা চরম আর্থিক ক্ষতির মুখে। অবিলম্বে গেট না খুললে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব।”
উল্লেখ্য, রেলগেট বন্ধের প্রতিবাদে এর আগেও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন পথে নেমেছে। এবার ব্যবসায়ীরা সরাসরি আন্দোলনে নামায় চাপ বাড়ল রেলের ওপর।

