পর্যাপ্ত বাসের অভাবকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল তেঞ্জিং নোরগে বাস টার্মিনাস-এ। সকাল থেকেই বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রীদের দীর্ঘ লাইন পড়ে থাকলেও বাস না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন বহু মানুষ।
জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশে বহু সরকারি বাস ভোটের কাজে নিয়োজিত করা হয়েছে। এর জেরেই সাধারণ যাত্রী পরিষেবায় মারাত্মক প্রভাব পড়েছে।


সকাল থেকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ফেরার জন্য হাজার হাজার যাত্রী টার্মিনাসে ভিড় জমালেও বাসের দেখা মেলেনি। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাস না পাওয়ায় যাত্রীদের ক্ষোভ ক্রমশ বাড়তে থাকে।
এক পর্যায়ে সেই ক্ষোভ বিস্ফোরিত হয়ে ভাঙচুরে রূপ নেয়। টিকিট কাউন্টার, কম্পিউটার-সহ টার্মিনাসের একাধিক অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। বর্তমানে গোটা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও যাত্রীদের মধ্যে ক্ষোভ এখনও পুরোপুরি প্রশমিত হয়নি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *