শিলিগুড়ির নয়াবাজার সংলগ্ন নেহরু রোড এলাকায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, “গোবিন্দভোগ চাল” নামে পণ্য প্রচারের ক্ষেত্রে এমন কিছু প্রতীক ব্যবহার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। এই অভিযোগকে কেন্দ্র করেই ঘটনাস্থলে পৌঁছায় বঙ্গীয় হিন্দু মহামঞ্চের একটি প্রতিনিধি দল।


সংগঠনের পক্ষ থেকে নেতৃত্ব দেন সভাপতি বিক্রমাদিত্য মণ্ডল। তাদের দাবি, সংশ্লিষ্ট পোস্টার ও গ্লো-সাইনবোর্ড অবিলম্বে সরাতে হবে। এদিন দুপুর প্রায় আড়াইটে নাগাদ সংগঠনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান এবং দোকান কর্তৃপক্ষের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন, যা কিছু সময়ের জন্য উত্তেজনার পরিবেশ তৈরি করে। অভিযোগ অনুযায়ী, চালের বস্তায় একটি নির্দিষ্ট ধর্মীয় প্রতীকসহ “৭৮৬” চিহ্ন থাকা সত্ত্বেও তার উপর “১০০ শতাংশ পিওর গোবিন্দভোগ” স্টিকার লাগিয়ে বিক্রি করা হচ্ছিল। এই বিষয়টিকেই কেন্দ্র করে আপত্তি জানায় সংগঠনটি এবং বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি তোলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় বিজেপি কাউন্সিলর অমিত জৈন এবং পুলিশ প্রশাসন। কাউন্সিলরের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয় এবং তিনি উপস্থিত বিক্ষোভকারীদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি এলাকার ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই থানায় একটি ডায়েরি করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট সমস্ত দপ্তর বিষয়টির ওপর নজর রাখছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *