শিলিগুড়ির প্রধান পাড়া পাইপলাইন এলাকায় একটি সন্দেহজনক বস্তুকে ঘিরে শনিবার গভীর রাতে তীব্র বোমাতঙ্ক ছড়ায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা, মুহূর্তের মধ্যেই গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় ভক্তিনগর থানার পুলিশ। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গেই এলাকা ঘিরে ফেলা হয় এবং সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিল বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীও।

পরবর্তীতে আর্মির বম্ব ডিসপোজাল টিম এসে সন্দেহজনক বস্তুটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সেটি একটি আর্টিলারি শেল (Artillery Shell Explosive) ছিল।সেনার তরফে অনুমান করা হচ্ছে, সিকিমে সাম্প্রতিক বন্যার সময় কোনওভাবে এই বিস্ফোরকটি ভেসে এসে কারও হাতে পড়ে থাকতে পারে। পরে আতঙ্কে সেটি ওই এলাকায় ফেলে দিয়ে পালিয়ে যায় কেউ—এমন সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে।

