শুক্রবার ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে ১৮ সুর্য্যমণিনগর বিধানসভা কেন্দ্র এলাকায় এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই বিধানসভা কেন্দ্র এলাকার প্রায় ৫০০ জন শিক্ষক-শিক্ষিকাকে চাঁদর, ফুল ও মিষ্টি দিয়ে সম্মান জানান ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি শিক্ষক সমাজের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, শিক্ষকরা সমাজ গঠনের মূল ভিত্তি। তাঁদের অবদানকে স্মরণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে। শিক্ষকরা শুধু বই পড়ান না, তাঁরা সমাজের প্রকৃত আলোকবর্তিকা। আজকের দিনে যখন বিভিন্ন প্রলোভন, চ্যালেঞ্জ ও বিভ্রান্তির মধ্যে তরুণ প্রজন্ম পথ হারিয়ে ফেলছে, তখন একজন সৎ ও আদর্শ শিক্ষকই তাঁদের সঠিক পথে চালিত করতে পারেন।

বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নিজে ছাত্রজীবনে বহু মহান শিক্ষকের কাছ থেকে প্রেরণা পেয়েছেন। তিনি আরো বলেন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণের জন্মদিনে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয়। তিনি নিজেও একজন মহান শিক্ষক ছিলেন এবং বিশ্বাস করতেন শিক্ষক জাতির মেরুদণ্ড। তাই আজকের দিনটি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের কাছে এক অঙ্গীকার আমরা যেন শিক্ষক সমাজকে সর্বোচ্চ সম্মান দিই এবং তাঁদের হাত ধরে নতুন প্রজন্মকে সঠিক মূল্যবোধের পথে এগিয়ে দিই।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *