ত্রিপুরা ঊনকোটি জেলা কুমারঘাট একলব্য মডেল রেসিডেনসিয়াল বিদ্যালয়ের বালিকা ও ছাত্র নিবাস পরিদর্শন করলেন ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শনকালে বিদ্যালয়ের ছাত্রী-ছাত্রদের সঙ্গে কথা বলেন তিনি এবং বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। ছাত্রীদের কাছ থেকে মন্ত্রী বিকাশ দেববর্মা জানতে পারেন, বিগত দিনগুলোর তুলনায় বিদ্যালয়ের পঠন-পাঠনের মান অনেকাংশে উন্নত হয়েছে এবং তাদের পরীক্ষার ফলাফলও এখন তুলনামূলকভাবে ভালো হচ্ছে।

তবে ছাত্রীদের অভিযোগ, বালিকা নিবাসে দীর্ঘদিন ধরে পানীয় জল ও ব্যবহারিক জলের সংকট রয়েছে। ফলে দৈনন্দিন কাজে এবং স্নানে মারাত্মক অসুবিধায় পড়তে হচ্ছে তাদের। এই অভিযোগ শোনার পর মন্ত্রী বিকাশ দেববর্মা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাদের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি হোস্টেল পরিচালনার সঙ্গে যুক্ত প্রধান শিক্ষক সহ শিক্ষক-শিক্ষিকাদের কঠোর নির্দেশ দেন, যাতে ছাত্র-ছাত্রীদের কোনওরকম অসুবিধা না হয় এবং দ্রুত সমস্যার সমাধান করা হয়।পরবর্তীতে মন্ত্রী বিকাশ দেববর্মা ছাত্র নিবাস ও পরিদর্শন করেন এবং সেখানে ছাত্রদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতা করেন। হোস্টেলের পরিবেশ, সুযোগ-সুবিধা ও সমস্যাবলী সম্পর্কে সরেজমিনে খোঁজ নেন মন্ত্রী। পরিদর্শন শেষে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, বিগত দিনের তুলনায় বর্তমানে একলব্য মডেল বিদ্যালয়গুলিতে শিক্ষার মান অনেক উন্নত হয়েছে। ছাত্র-ছাত্রীদের ফলাফলের শতাংশ ও বেড়েছে। তিনি আরও বলেন, বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার জনজাতি ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ এবং সেই অনুযায়ী নিরলসভাবে কাজ করে চলেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *