রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন, যেখান থেকে ছড়িয়ে পড়েছে বাঙালির শিক্ষা ও সংস্কৃতির আলো, সেই পবিত্র ভূমিকে কলঙ্কিত করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী।
রবিবার মধ্যরাতে তালতোড় এলাকায় এক হোমস্টেতে অভিযান চালায় শান্তিনিকেতন থানার পুলিশ। উদ্ধার করা হয় ৬ জন মহিলাকে, যারা বেআইনি দেহব্যবসায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গোপন সূত্রে খবর পেয়ে বোলপুর-আমোদপুর রোডের ধারে একটি হোমস্টেতে হানা দিয়ে উদ্ধার করা হয় ওই মহিলাদের। পাশাপাশি হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কিছু হোটেল ও হোমস্টেতে বেআইনি কাজকর্ম চলছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের। এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ধৃতদের সোমবার বোলপুর মহকুমা আদালতে তোলা হয়। শান্তিনিকেতন থানার তরফে জানানো হয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং এই চক্রে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

