বিশ্বজুড়ে চলমান দুগ্ধ উৎপাদননের সঙ্গে তাল মিলিয়ে ত্রিপুরার গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আগরতলার ইন্দ্রনগরস্থিত গোমতী ডেয়ারি পরিদর্শনের পর এই মন্তব্য করেন ত্রিপুরার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন রাজ্যপাল ত্রিপুরা গোমতী ডেয়ারি প্ল্যান্টের সামগ্রিক কাজকর্ম ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি বলেন, গ্রামীণ অর্থনীতি মজবুত করতে এবং স্বনির্ভরতা বাড়াতে গো-পালন ও দুধ উৎপাদন বড় ভূমিকা নিতে পারে। ত্রিপুরা তথা সমগ্র উত্তর-পূর্বাঞ্চলে দুধের ব্যাপক চাহিদা রয়েছে। সেই চাহিদার

যোগান দিতে এবং দুধের উৎপাদন বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষকে আরও বেশি উদ্যোগী হতে হবে। রাজ্যপাল আরও জানান, ত্রিপুরা সরকার পশুপালকদের আর্থিক ও সামাজিক মানোন্নয়নে বদ্ধপরিকর। গো-পালকদের উৎসাহিত করার পাশাপাশি ত্রিপুরায় দুধের প্রক্রিয়াকরণ ক্ষমতা বাড়াতে একটি নতুন অত্যাধুনিক মিল্ক প্রসেসিং ইউনিটও স্থাপন করা হয়েছে। আজকের এই পরিদর্শন কর্মসূচিতে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন ত্রিপুরা গোমতী ডেয়ারির চেয়ারম্যান রতন ঘোষ, ভারপ্রাপ্ত ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অনিমেষ দে সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। প্ল্যান্ট পরিদর্শনের পাশাপাশি রাজ্যপাল এদিন স্থানীয় গো-পালক এবং দুগ্ধ সমবায় সমিতির প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। সেখানে তিনি তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং ডেয়ারি শিল্পের বিকাশে ত্রিপুরা সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

