ডুয়ার্সে হাতির লাগামহীন তাণ্ডব অব্যাহত। এবার রাতের অন্ধকারে একটি জুনিয়র হাই স্কুলের শ্রেণিকক্ষ গুঁড়িয়ে দিল এক দলছুট দাঁতাল। বর্তমান রাজ্য রাজনীতিতে কংক্রিটের কাঠামো ভাঙার প্রসঙ্গে বুলডোজারের নাম উঠে আসলেও, বানারহাটের এই দৃশ্য যেন কোনো অংশে কম নয়। হাতির হানায় তছনছ হয়ে গেছে গোটা ক্লাসরুম।ঘটনাটি ঘটেছে বানারহাটের জ্ঞানড্রাপাড়া বড় লাইন জুনিয়র হাই স্কুলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একটি হাতির দল জঙ্গল থেকে লোকালয়ে চলে আসে। তার মধ্যেই একটি দাঁতাল স্কুল চত্বরে ঢুকে পড়ে এবং হামলা

চালায়। হাতিটি প্রায় ১০ ফুট উঁচু একটি পাকা দেওয়াল ধাক্কা মেরে সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়। ভেঙে পড়ে ক্লাসরুমের চালও।প্রতিদিনের মতো আজ সকালে ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা বিদ্যালয়ে এসে এই ধ্বংসলীলা দেখতে পান। ঘটনার জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হাতির এই ক্রমাগত হানায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন হাতির হামলায় কেবলমাত্র স্কুলের শ্রেণিকক্ষের দেওয়ার নয় পাশাপাশি পড়ুয়াদের পঠন-পাঠনের জন্য বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে।। স্কুলের রুমের ফ্যান থেকে চেয়ার বেঞ্চ সমস্ত কিছুই নষ্ট করে দিয়েছে হাতি।স্থানীয়দের দাবি, বন দপ্তর অবিলম্বে এই এলাকায় হাতির তাণ্ডব রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ করুক।

