ত্রিপুরায় ক্রমবর্ধমান অন্যায়, দুর্নীতি, লাগামহীন মূল্যবৃদ্ধি এবং চরম বেকারত্বের বিরুদ্ধে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ডাকে সোমবার আগরতলায় এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়। মূলত পাঁচ দফা দাবিকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিকে কেন্দ্র করে এদিন আগরতলা শহর কার্যত রণক্ষেত্রের রূপ নেয়। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ত্রিপুরা পুলিশের জলকামান ও মৃদু লাঠিচার্জে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে খবর। এদিন যুব কংগ্রেসের এক বিশাল প্রতিবাদী মিছিল আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলটি যখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মনের বাসভবনের সামনে পৌঁছায়, তখন বিশাল পুলিশ বাহিনী ও ত্রিপুরা স্টেট রাইফেলসস জওয়ানেরা ব্যারিকেড তৈরি করে তাদের পথ আটকায়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের তুমুল ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে আন্দোলনকারীদের লক্ষ্য করে জলকামান নিক্ষেপ করে।

এরপরেও পরিস্থিতি শান্ত না হওয়ায় পুলিশ মৃদু লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের এই মারমুখী ভূমিকায় বেশ কয়েকজন যুব কংগ্রেসের কর্মী-সমর্থক চোট পেয়েছেন।এদিনের এই প্রতিবাদী কর্মসূচিতে সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বানি ঘোষ চক্রবর্তীসহ দলের অন্যান্য প্রথম সারির নেতা ও কর্মীবৃন্দ। আন্দোলনকারী যুব কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে বর্তমান বিজেপি সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে মূলত পাঁচটি প্রধান দাবি জানানো হয়: দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী NEET প্রশ্নপত্র ফাঁসের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার করতে হবে। সিএনজি (CNG), পিএনজি (PNG), এলপিজি (LPG), পেট্রোল ও ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি অবিলম্বে রুখতে হবে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন দাম বৃদ্ধি বন্ধ করতে বিজেপি সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ত্রিপুরায় ভয়াবহ আকার ধারণ করা বেকারত্ব দূরীকরণে অবিলম্বে নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সরকারি স্তরে চলা সমস্ত অন্যায় ও দুর্নীতি বন্ধ করতে হবে। যুব কংগ্রেস নেতৃত্বের হুঁশিয়ারি, পুলিশের লাঠি বা জলকামান দিয়ে জনগণের এই ন্যায়সঙ্গত আন্দোলনকে দমানো যাবে না। দাবি পূরণ না হলে আগামী দিনে গোটা রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস নেতৃত্ব।

