হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফের বড় সাফল্য পেল আগরতলা পশ্চিম থানার পুলিশ। পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৩৫টি মোবাইল ফোন রবিবার আনুষ্ঠানিকভাবে তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের এই তৎপরতায় মুখে হাসি ফুটেছে ফোন হারানো নাগরিকদের। রবিবার পশ্চিম থানায় আয়োজিত এক অনুষ্ঠানে থানার ওসি রানা চ্যাটার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা উদ্ধারকৃত ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে আগরতলা শহরের বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোন চুরির বা হারিয়ে যাওয়ার একাধিক অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে এবং আইএমইআই (IMEI) নম্বর ট্র্যাক করে তল্লাশি চালিয়ে এই ৩৫টি ফোন উদ্ধার করতে সক্ষম হয়। মোবাইল ফোনগুলো হাতে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মালিকরা। তাঁদের অনেকেরই দাবি, ফোন ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তাঁরা। আগরতলা পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি জানান, সাধারণ মানুষের হারিয়ে যাওয়া সম্পত্তি তাঁদের কাছে ফিরিয়ে দেওয়া পুলিশের অন্যতম দায়িত্ব। এই উদ্ধার অভিযান আগামীদিনেও অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন ।

