ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পার করে বাংলাদেশে মাদক পাচারের এক বড়সড় ছক বানচাল করে দিল পুলিশ ও বিএসএফ জওয়ানরা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে গভীর রাতে ত্রিপুরা সিপাহীজলা জেলার সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ ৮১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করে।

জানা গিয়েছে, সোনামুড়া থানার অন্তর্গত কুলুবাড়ি, এন সি নগর, দুর্গাপুর এবং শ্রীমন্তপুর—এই চারটি পৃথক ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের গভীর জঙ্গলে হানা দেয় যৌথ বাহিনী। তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে ৩৩ কেজি শুকনো গাঁজা, ১৩০ বোতল নিষিদ্ধ এসকফ সিরাপ এবং ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাচারকারীরা এই মাদকদ্রব্যগুলি ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের ঝোপঝাড়ে লুকিয়ে রেখেছিল যাতে সুবিধামতো সময়ে তা বাংলাদেশে পাচার করা যায়। কিন্তু, বি এস এফ জওয়ানদের তৎপরতায় পাচারকারীদের সেই পরিকল্পনা ব্যর্থ হয়। সোনামুড়া থানার ওসি তাপস দাস এক সাক্ষাৎকারে জানিয়েছেন, উদ্ধারকৃত এই মাদক সামগ্রীর আন্তর্জাতিক কালোবাজারি মূল্য আনুমানিক সাড়ে ৮ লক্ষ টাকা। এই বিপুল মাদক কাদের মাধ্যমে সেখানে পৌঁছল এবং এই পাচারচক্রের মূল পান্ডা কারা, তা খতিয়ে দেখতে ইতিমধ্যই তদন্ত শুরু হয়েছে। ভারত – বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *