ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ১২০ জনের সরকারি চাকরি নিয়োগে তিপ্রামথা প্রশাসনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সোমবার আগরতলায় ব্যাপক বিক্ষোভে শামিল হলেন কয়েকশো উপজাতি বেকার যুবক-যুবতী। এদিন আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানের বিবেকানন্দ স্ট্যাচুর সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সরব হন তাঁরা। বর্তমান তিপ্রামথা পরিচালিত এডিসি প্রশাসনের বিরুদ্ধে নিয়োগে স্বজনপোষণ ও অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ উগরে দেন উপজাতি বেকার যুবক-যুবতীরা।

তাঁদের অভিযোগ, সম্প্রতি এডিসি-তে যে ১২০ জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তাতে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে। এই অন্যায়ের প্রতিবাদে ত্রিপুরার ৮টি জেলা থেকেই বেকার যুবক-যুবতীরা এই কর্মসূচিতে অংশ নেন। বিশেষ করে দক্ষিণ জেলা ৩৯-মনু বিধানসভা কেন্দ্র সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৪২০ জন উপজাতি যুবক-যুবতী এই গণবিক্ষোভে যোগ দেন। আন্দোলনস্থলে উপজাতি বেকার যুবক-যুবতীরা জানান, তিপ্রামথা সরকার উপজাতিদের অধিকার রক্ষার কথা বললেও বাস্তবে বেকারদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবি জানিয়ে তাঁরা বলেন, যতক্ষণ না এই নিয়োগ দুর্নীতির সুষ্ঠু তদন্ত এবং যোগ্যদের বিচার হচ্ছে, ততক্ষণ তাঁদের এই আন্দোলন চলবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *