স্কুল চলাকালীন গধেয়ারকুটি স্কুলে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ধূপগুড়ির খট্টিমারী এলাকার একটি স্কুলে অসুস্থ হয়ে পড়ল ৯ জন ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে।
স্কুল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্লাস চলাকালীন আচমকাই কয়েকজন ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে। তাদের শ্বাসকষ্টের সমস্যাও দেখা দেয়। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় দ্রুত অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক শিক্ষক জানান, ওই ছাত্রীরা স্কুলে আসার আগে বাজারে গিয়ে পুরি খেয়েছিল বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সেই কারণেই শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। তবে বিষয়টি নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।
হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার পর বর্তমানে সকল ছাত্রীই সুস্থ রয়েছে। ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

