নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে ধাক্কা মারল একটি স্করপিও গাড়ি। সংঘর্ষের পরেই স্করপিওটিতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা গাড়িটি। মঙ্গলবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি লরি এবং স্করপিও গাড়ি পানাগড়ের দিক থেকে বীরভূমের দিকে যাচ্ছিল। হঠাৎই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কার পরেই গাড়িটিতে আগুন ধরে যায়।
গাড়ির ভিতরে শুধুমাত্র চালক ছিলেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে চালককে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন।

দমকল কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে স্করপিও গাড়িটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য পানাগড়-মোড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পরে ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের উদ্যোগে রাজ্য সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

