জমি সংক্রান্ত বিবাদের মীমাংসা করতে ডাকা শালিশি সভাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল ভাঙড়ের পোলেরহাট থানার অন্তর্গত ছয়ানি এলাকায়। ঘটনায় উভয় পক্ষের মোট সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি মেছো ভেড়ি ও জমির মালিকানা নিয়ে পূর্বপাড়া ও পশ্চিমপাড়ার বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এলাকায় আইএসএফ জয়লাভ করার পর দুই পক্ষকে নিয়ে বিষয়টির মীমাংসার উদ্যোগ

নেওয়া হয়। অভিযোগ, সেই শালিশি চলাকালীনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। পূর্বপাড়ার ফারুক মোল্লা, দৌলত মোল্লা গোষ্ঠীর অভিযোগ আইএসএফ নেতৃত্বের উপস্থিতিতেই তাদের উপর হামলা চালানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে পশ্চিমপাড়ার সাজ্জাত মোল্লা, আবু হোসেন গোষ্ঠীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই মেছো ভেড়িতে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি পূর্বপাড়ার লোকজন ভেড়ির মধ্যে নিজেদের জমি রয়েছে বলে দাবি তুলে অংশীদারিত্ব চাইতে শুরু করায় বিরোধ আরও তীব্র হয়।
অন্যদিকে পূর্বপাড়াদের দাবি, তাদের জমি দীর্ঘদিন ধরে জবরদখল করে মাছ চাষ করা হচ্ছে। জমির ন্যায্য ভাগ চাইতে গেলে তাদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। ঘটনার পর উভয় পক্ষই পোলেরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

