বেহালার ঘটনার পর এবার মেটিয়াব্রুজের ১৩৮ নম্বর ওয়ার্ডে একটি সরকারি আবাসন থেকে বিপুল পরিমাণ সরকারি বালতি ও ত্রিপল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাজাবাগান থানার ঠিক উল্টো দিকে অবস্থিত ওই আবাসনে মজুত ছিল কেএমসি-র লোগো লাগানো বালতি এবং ত্রাণের স্ট্যাম্পযুক্ত ত্রিপল।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সন্দেহ হওয়ায় তারা তালা ভেঙে ঘরে ঢুকে ওই সামগ্রী উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামগ্রীগুলি উদ্ধার করে। এ ঘটনায় রাজাবাগান থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, ১৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদা পারভীন সাধারণ মানুষের মধ্যে বিতরণ না করে সরকারি সামগ্রী বিক্রির উদ্দেশ্যে মজুত করে রেখেছিলেন। তাঁদের আরও দাবি, এর আগেও সরকারি মালপত্র বিক্রির অভিযোগ উঠেছিল। তবে এবার হাতেনাতে ধরা পড়ায় বিষয়টি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ স্থানীয়দের।
অন্যদিকে, কাউন্সিলর ফরিদা পারভীনের দাবি, উদ্ধার হওয়া সামগ্রীগুলি অতিরিক্ত ছিল এবং আগেই প্রাপকদের মধ্যে বালতি ও ত্রিপল বিতরণ করা হয়েছে।
তবে স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, যদি সমস্ত সামগ্রী বিতরণ করা হয়ে থাকে, তাহলে এই বিপুল পরিমাণ সরকারি সরঞ্জাম ওই আবাসনে কীভাবে রয়ে গেল? ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

