জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসে, চা বাগানের ভেতর দুটি বুনো হাতির লড়াই, যা ক্যামেরা বন্দি করেছেন স্থানীয় বাসিন্দারা।
ডুয়ার্সে টানা বৃষ্টির জেরে একাধিক জঙ্গলে জল জমে থাকায় বিপাকে পড়ছে বন্যপ্রাণীরা। নিরাপদ আশ্রয়ের খোঁজে তারা জঙ্গল ছেড়ে লোকালয় ও চা বাগানমুখী হচ্ছে। নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগানের ফ্যাক্টরি লাইনের পাশের এলাকায় জঙ্গল থেকে বেরিয়ে আসা দুটি বুনো হাতিকে মুখোমুখি সংঘর্ষে জড়াতে দেখা গিয়েছে। দীর্ঘক্ষণ ধরে চলে তাদের লড়াই। পরে পরিস্থিতি শান্ত হলে হাতি দুটি সেখান থেকে সরে যায়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা নিরাপদ দূরত্ব বজায় রেখে মোবাইলে সেই দৃশ্য রেকর্ড করেন। সেই ভিডিও ইতিমধ্যেই এলাকায় চর্চার বিষয় হয়ে উঠেছে।

বন দফতর সূত্রে জানা যায়, ডুয়ার্সে কয়েকদিনের টানা বৃষ্টির ফলে জঙ্গলের বিভিন্ন অংশে জল জমে রয়েছে। পাশাপাশি জঙ্গলের ভেতর দিয়ে বয়ে যাওয়া নদী ও ঝরনাগুলিতেও জলস্তর বেড়েছে। ফলে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণী জঙ্গল ছেড়ে অপেক্ষাকৃত উঁচু ও নিরাপদ এলাকায় চলে আসছে। বনকর্মীরা পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছেন এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

