পেট্রোকেমিক্যাল পাইপলাইন ফেটে অগ্নিকাণ্ড হলদিয়ায়। আহত প্রায় ৩৫, গুরুতর ৫ জন। মঙ্গলবার ভোর রাতে বাজ পড়ার ফলে এই বিপত্তি ঘটে বলে স্থানীয়দের অনুমান অগ্নিকাণ্ড ঘটেছে।
ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩৫ জন, তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টা নাগাদ এলাকার অনেকেই কলকাতা বা ডিউটিতে যাওয়ার জন্য ঘুম থেকে উঠছিলেন। সেই সময় হঠাৎ বাজ পড়ে এবং পাইপলাইন থেকে ন্যাপথা লিক করতে থাকে। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। যাঁরা বাইরে বেরিয়েছিলেন, তাঁরাই আগুনে জ্বলসে যান।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও প্রশাসন। আহতদের তড়িঘড়ি হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জন সহ আরও কয়েকজনকে তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের হলদিয়া হাসপাতালেই চিকিৎসা চলছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল। তিনি প্রশাসনের তৎপরতার কথা জানান এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করার আশ্বাস দেন।
পাইপলাইন ফাটার সঠিক কারণ এখনও জানা যায়নি। বিদ্যুতের বাজ পড়া থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান। হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

