উৎসবের আনন্দ মূহূর্তেই বদলে গেল মহাশোকে। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে আয়োজিত জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে শামিল হতে এসে আচমকা মৃত্যুর কোলে ঢলে পড়লেন ১৯ বছর বয়সী এক তরুণী। মৃত তরুণীর নাম তৃষা ভৌমিক। এই আকস্মিক ও হৃদয়বিদারক ঘটনায় গোটা উত্তর ত্রিপুরা জেলা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও ধর্মনগরে ইসকনের রথযাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থীদের ঢল নেমেছিল। বহু মানুষের ভিড়ে শামিল হয়েছিলেন ধর্মনগরের বাসিন্দা, ১৯ বছরের তরুণী তৃষা ভৌমিকও। রথটানা ও উৎসবের আবহ যখন তুঙ্গে, ঠিক তখনই হঠাৎ অসুস্থ বোধ করতে শুরু করেন তৃষা। কিছু বুঝে ওঠার আগেই ভিড়ের মধ্যে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৃষাকে সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে পড়ে যেতে দেখে চারপাশের উপস্থিত লোকজন ও উৎসবের স্বেচ্ছাসেবকরা দ্রুত এগিয়ে আসেন। আর কোনো সময় নষ্ট না করে তাঁকে উদ্ধার করে তৎক্ষণাৎ ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষ রক্ষা হয়নি। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষার পর তৃষাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে এই খবর পৌঁছাতেই উপস্থিত আত্মীয় ও পরিচিতদের মধ্যে কান্নার রোল ভেঙে পড়ে। জগন্নাথদেবের রথযাত্রাকে কেন্দ্র করে যে ধর্মনগর আনন্দের রঙে মেতে উঠেছিল, এই একটি ঘটনাতেই তা মূহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে যায়। উৎসবমুখর পরিবেশ নিমেষের মধ্যে পরিণত হয় শোকস্তব্ধতায়। ইসকন কর্তৃপক্ষ এবং উপস্থিত পুণ্যার্থীরা এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। ১৯ বছরের এক সুস্থ তরুণী কেন এভাবে হঠাৎ জ্ঞান হারিয়ে মারা গেলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক অনুমান তীব্র গরম, ভিড়ের চাপ বা হৃদরোগের কারণে এমনটা হয়ে থাকতে পারে, তবে মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *