পুলিশকে হুমকি দেওয়ার পুরনো অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব নেতা সৌমিত্র ব্যানার্জি-কে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও ভোটের দিন একাধিক গাড়িতে ভাঙচুর, বিজেপি কর্মী-সমর্থক ও নেতাদের মারধর, ভোটের সময় হিংসা ছড়ানো এবং হিংসাত্মক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিজেপির পক্ষ থেকে তাঁর গ্রেফতারের দাবি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার রানীগঞ্জ থেকে তাঁকে আদালতে নিয়ে যাওয়ার সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ যখন সৌমিত্র ব্যানার্জিকে আদালতে নিয়ে যাচ্ছিল, তখন কিছু বিক্ষোভকারী তাঁর উদ্দেশে ডিম ছোড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে রানীগঞ্জ থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরপর বিজেপি কর্মী ও নেতারা অভিনব কায়দায় প্রতিবাদে সামিল হন। তাঁরা থানার সামনে ঝাঁটা দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগান তুলে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে থানা চত্বরে স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোটা ঘটনার তদন্ত চলছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সৌমিত্র ব্যানার্জির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও চূড়ান্ত মন্তব্য করা হয়নি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *