বেহাল গ্রামীণ সড়কের উপর একাধিক সেতু রয়েছে ভগ্নদশায়। সেই রাস্তা দিয়েই রাতের অন্ধকারে নিয়মিত বালি, পাথর-সহ বিভিন্ন সামগ্রী বোঝাই ডাম্পার যাতায়াত করছে এমন অভিযোগ তুলে এবার পথে নামলেন গ্রামবাসীরা।
পূর্ব দুরামারি এলাকায় রাতের অন্ধকারে গ্রামীণ সড়ক দিয়ে যাতায়াতের সময় দুটি ডাম্পার আটক করেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে। রাস্তার বিভিন্ন জায়গায় বড় বড় খানাখন্দ তৈরি হয়েছে। পাশাপাশি একাধিক সেতুও ভগ্ন অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে ভারী ডাম্পার চলাচল করলে রাস্তা ও সেতু আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ। পুলিশ ডাম্পার দুটির কাগজপত্র খতিয়ে দেখার পর সেগুলি ছেড়ে দেয়। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ভারী যানবাহন নিয়ে ওই গ্রামীণ সড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করা হয় বলে জানা গিয়েছে।

