গ্রামের পাশে মদের দোকান খোলার প্রতিবাদে গর্জে উঠলেন মহিলারা। পুলিশের সামনেই ঝাঁটা হাতে মদের দোকান বন্ধের দাবীতে তুমুল বিক্ষোভ দেখালেন সোমবার। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হল মালদার মানিকচক ব্লকের ভূতনী থানার ডোমনটোলা এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, ডোমনটোলা এলাকায় স্থানীয় নবীন মন্ডল নামে এক ব্যক্তি প্রথমে বাড়ি তৈরি করার নামে নির্মাণ কার্য করেন।

এরপর সেখানে হার্ডওয়ারের দোকান খোলার নামে দোকান তৈরি করেন। কিন্তু পরবর্তীতে সেই দোকান থেকে মদ বিক্রি করা হচ্ছে বলে তারা জানতে পারেন। তাই এর, প্রতিবাদে তারা সোচ্চার হয়েছেন। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের একটাই দাবী গ্রামের পাশে কোনমতেই মদের দোকান খুলতে দেবেন না। অবিলম্বে মদের দোকান বন্ধ করতে হবে। কারণ যে স্থানে মদের দোকান খোলা হয়েছে তার ঢিল ছোঁড়া দূরত্বের মধ্যে দুর্গামন্ডপ রয়েছে। পাশে স্কুল আছে। তাই এখানে মদের দোকান খুললে এলাকার পরিবেশ নষ্ট হবে। মহিলারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাবেন। তাই তারা মদের দোকান বন্ধের দাবীতে বিক্ষোভ আন্দোলনে নেমেছেন।
গ্রামবাসীদের এই দাবীর সঙ্গে সহমত পোষণ করেন স্থানীয় পঞ্চায়েত সমিতি সদস্য অঙ্গদ মন্ডলও। তবে যার বিরুদ্ধে গ্রামের পাশে মদের দোকান খোলার অভিযোগ সেই নবীন মন্ডলের দাবী, তিনি মদের দোকান নয়। রেস্টুরেন্ট কাম বার খোলার অনুমতি পেয়েছেন। সেই অনুমতি নিয়েই রেস্টুরেন্ট কাম বার খুলেছেন। কিন্তু গ্রামের এক ব্যক্তি তার প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে গ্রামবাসীদের ক্ষেপিয়ে তুলে বিক্ষোভ দেখাচ্ছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *