বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটল মালদার মানিকচক থানায়। ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছারখার হয়ে গেল থানার মালখানা। অগ্নিকান্ডের সময় পরপর দুটি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়াল এলাকার সাধারণ মানুষের মধ্যে। শনিবার রাত দশটা নাগাদ থানার মালখানায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। আগুন মালখানা থেকে থানার অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতি তৈরি হয়। ওই সময় পুলিশের পক্ষ থেকে জেসিবি মেশিন লাগিয়ে মালখানার দেওয়াল একাংশ ভেঙে ফেলে কিছুটা রেহাই পাওয়া যায়।ঘটনায় পরপর দুটি জোরালো বিস্ফোরণ হয়।

খবর পেয়ে প্রথমে দমকলের একটি ইঞ্জিন মালদা থেকে ঘটনাস্থলে ছুটে আসে কিন্তু একটি ইঞ্জিন দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের। ফলে দমকলের আরও একটি ইঞ্জিন আনা হয়।এরপর দুটি ইঞ্জিনের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও, মানিকচক থানার মালখানা পুরোপুরি আগুনে ছারখার হয়ে যায়। অগ্নিকান্ডের সময় পরপর যে দুটি বিস্ফোরণ কিসের থেকে হল তাএখনো স্পষ্ট নয়। তবে লোকমুখে শুনাযাচ্ছে মালখানায় নাকি কয়েকটি গ্যাস সিলিন্ডার ছিল। সম্ভবত সেই সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

