কোটি টাকার রাস্তায় দুর্নীতির ছায়া। একদিক থেকে রাস্তা তৈরি হচ্ছে অপরদিক থেকে ফেটে যাচ্ছে। আয়রন যুক্ত বালি ও নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা ঢালাইয়ের কাজ করছে বলে অভিযোগ। মানা হচ্ছে না সরকারি শিডিউল। অভিযোগ করতে গেলে পুলিশের ভয় দেখানোর অভিযোগ ঠিকাদার সংস্থার বিরুদ্ধে। রাস্তা তৈরিতে বেনিয়মের অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভে সামিল হলেন স্থানীয়রা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তহবিল থেকে ২ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে ২.৩ কি.মি.রাস্তার কাজ চলছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের ইমামনগর থেকে খোপাকাটি চিকনামোর পর্যন্ত।

অভিযোগ,রাস্তাটি আট ইঞ্চি পুরু ঢালাই করার কথা। কিন্তু রাস্তার দুই ধারে সাত ইঞ্চি ঢালাই দেখানো হলেও রাস্তার মাঝে মাত্র তিন ইঞ্চি থেকে চার ইঞ্চি ঢালাই করা হচ্ছে।যা অল্প দিনেই রাস্তাটি নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের।চরম দুর্নীতি হচ্ছে রাস্তা তৈরিতে। যদিও ঠিকাদারের দাবি,শিডিউল মেনে ইঞ্জিনিয়ারের পরামর্শে রাস্তার কাজ হচ্ছে। বেশি পরিমাণে সিমেন্ট ব্যবহারের কারণে রাস্তাটি ফেটে যাচ্ছে। পুলিশের ভয় দেখানো পুরোপুরি মিথ্যা অভিযোগ করছেন স্থানীয়রা।

