অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আর্থিক অনুদান না পাওয়ার অভিযোগে মঙ্গলবার ফাঁ*সিদেওয়া বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। বিক্ষোভ ঘিরে উত্তেজনা তৈরি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষীরা লাঠিচার্জ করে বলে অভিযোগ। ঘটনায় কয়েকজন মহিলা আহত হওয়ার পাশাপাশি কয়েকজন সংবাদকর্মীও জ*খম হয়েছেন।

জানা গিয়েছে, জনকল্যাণ শিবিরে আবেদন করার পরও অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাঁদের অ্যাকাউন্টে জমা পড়েনি বলে অভিযোগ তুলে বিডিও অফিসে জড়ো হন শতাধিক মহিলা। প্রশাসনের কাছে বিষয়টির ব্যাখ্যা ও দ্রুত সমাধানের দাবি জানান তাঁরা। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও সন্তোষজনক উত্তর না মেলায় বিক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে।
ঘটনাস্থলে ফাঁ*সিদেওয়া থানার পুলিশ এবং বিএসএফ মোতায়েন ছিল। অভিযোগ, বিক্ষোভ ছত্রভঙ্গ করতে বিএসএফের জওয়ানরা লাঠিচার্জ করেন। এই ঘটনায় কয়েকজন মহিলা আ*হত হন এবং দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিকও চোট পান।
ঘটনার পর নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই বিষয়ে প্রশাসন বা বিএসএফের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

