রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মৃ*ত্যু হল এক বৃদ্ধার। গুরুতর জখম হয়েছেন তাঁর ৩৫ বছর বয়সি মেয়ে। মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রামের লোধাশুলি মোড় সংলগ্ন ৪৯ নম্বর জাতীয় সড়কে ওই দুর্ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃ*তার নাম সরস্বতী সাউ (৬০)। গুরুতর আহত হয়েছেন তাঁর ৩৫ বছর বয়সি মেয়ে ঝর্ণা সাউ। তাঁদের বাড়ি ওড়িশার বারিপদা এলাকায়। কলকাতা থেকে চিকিৎসা করিয়ে তাঁরা ঝাড়গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আসছিলেন। মঙ্গলবার লোধাশুলি মোড়ের কাছে বাস থেকে নেমে ৪৯ নম্বর জাতীয় সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাঁদের সজোরে ধাক্কা মারে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় সরস্বতী সাউয়ের। গুরুতর জখম অবস্থায় রাস্তায় ছিটকে পড়েন ঝর্ণা সাউ।

দুর্ঘটনা দেখে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা ছুটে এসে ঝর্ণাকে উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ট্রাকের চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়। ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ৪৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। পলাতক চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পরে অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। মৃ*তদেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, লোধাশুলি মোড় সংলগ্ন জাতীয় সড়কে দীর্ঘদিন ধরেই দ্রুতগতির ভারী যানবাহনের কারণে দুর্ঘটনা ঘটছে। পথচারীদের নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় কার্যকর ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি তুলেছেন তাঁরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *