রাতভর একটানা ভারী বৃষ্টিতে জলপাইগুড়ি জেলার পাহাড়ি ও সমতল এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা এবং জেলাজুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির জেরে বিভিন্ন নিচু এলাকায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

জলপাইগুড়ি সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, তিস্তা নদীর দোমহনি ও মেখলিগঞ্জ এলাকা এবং এনএইচ-৩১ সংলগ্ন জলঢাকা নদী এলাকায় ‘হলুদ সতর্কতা’ জারি করা হয়েছে। ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়ার ফলে তিস্তার জলস্তর দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। নদীর জলস্তর বেড়ে চলায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। পরিস্থিতির গুরুত্ব বুঝে শনিবার রাতভর প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে মাইকিং করে নদী সংলগ্ন বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়। বাসিন্দাদের জরুরি কাগজপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।

