বন্ধুদের সঙ্গে জলঢাকা নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ১২ বছরের এক কিশোর। বৃহস্পতিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতের বারোহাতী সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে নিখোঁজ ওই কিশোরের নাম রিক দেবনাথ। এদিন দুপুরে চারজন মিলে জলঢাকা নদীতে স্নান করতে যায়। সেই সময় আচমকা নদীর মাঝখানে হাবুডুবু খেতে শুরু করে চারজনই। পাশে থাকা বেশ কিছু মানুষ বিষয়টি দেখতে

পেয়ে তাদের উদ্ধারের চেষ্টা করেন। প্রথম অবস্থায় তিনজনকেই নিরাপদে উদ্ধার করতে সক্ষম হলেও নিখোঁজ হয়ে যায় এক কিশোর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমাতে থাকে এলাকায়। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানার পুলিশকে। পুলিশ সহ ঘটনাস্থলে পৌঁছায় সিভিল ডিফেন্সের কর্মীরা। নিখোঁজ কিশোরের সন্ধানে জলঢাকা নদীতে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে সিভিল ডিফেন্সের কর্মীরা। যদিও খবর লেখার সময় পর্যন্ত সেই কিশোরের কোনরকম সন্ধান পাওয়া যায়নি।

