সাড়ে তিন বছরের নাবালিকাকে ধ*র্ষনের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ,গুরুতর জখম ৩ পুলিশ কর্মী,
পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার ইটামগরা-২ অঞ্চলে সাড়ে তিন বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় সেখ মফিজুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহিষাদল থানার পুলিশ। তবে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের উপর হামলার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় দুই পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ার আহত হয়েছেন। গুরুতর জখম এক পুলিশ আধিকারিককে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, অভিযুক্তের দোকান তাদের দোকানের পাশেই। দীর্ঘদিন ধরে পরিবারের অজান্তে বিভিন্ন সময়ে শিশুটিকে নিজের সঙ্গে নিয়ে যেত অভিযুক্ত। বিষয়টি নিয়ে একাধিকবার আপত্তি জানানো হলেও অভিযুক্ত তা গুরুত্ব দেয়নি বলে দাবি পরিবারের।

অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ দোকান বন্ধ করার সময় হঠাৎই শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তারা জানতে পারেন, সেখ মফিজুল সাইকেলে করে শিশুটিকে নিয়ে গিয়েছে। প্রায় আধ ঘণ্টা পর অভিযুক্ত শিশুটিকে ফিরিয়ে আনে বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাড়ি ফেরার পর বাথরুমে যাওয়ার সময় শিশুটি গোপনাঙ্গে ব্যথার কথা জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে পরিবারের পক্ষ থেকে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং পকসো আইনের ধারায় মামলা রুজু করে। দোষীর কঠোর শাস্তির দাবিতে রাতে হলদিয়া মেচাদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় হিন্দুসংগঠন।
বৃহস্পতিবার সকাল থেকে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতারা, উত্তেজিত জনতা অভিযুক্তের দোকানে আগুন ধরিয়ে দেয়।

