মধুপুরে সরকারি জায়গা দখলমুক্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত প্রশাসনিক আধিকারিকরা, তীব্র উত্তেজনা এলাকায়।
সরকারি জমি জবরদখল মুক্ত করতে গিয়ে বাধাপ্রাপ্ত হলেন খোদ প্রশাসনিক আধিকারিকরা। বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল ত্রিপুরা সিপাহীজলা জেলার মধুপুর বাজার এলাকায়। জানা গেছে, এদিন বিশালগড় মহকুমা শাসকের কার্যালয়ের ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাসের নেতৃত্বে বিশাল বাহিনী মধুপুর বাজারে পৌঁছায়। সঙ্গে ছিল মধুপুর থানার পুলিশ । বাজারে থাকা অবৈধ নির্মাণ ও সরকারি জায়গা বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে গেলে বাধা দেন স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ । অভিযোগ, শাসক দল

বিজেপির উত্তরীয় গায়ে দেওয়া একাংশ ব্যবসায়ী উচ্ছেদ অভিযানে তীব্র বাধা সৃষ্টি করেন । যার ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উচ্ছেদ বন্ধ করার দাবিতে জবরদখলকারীরা প্রশাসনিক আধিকারিকদের
ওপর চড়াও হওয়ার এবং আক্রমণের চেষ্টা চালায় বলে অভিযোগ । এই ঘটনার জেরে মুহূর্তের মধ্যে মধুপুর বাজার চত্বরে রণক্ষেত্রের চেহারা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বজায় রয়েছে।

