দীর্ঘ বঞ্চনার অবসান সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়মিতকরণ করতে হবে ত্রিপুরা শিক্ষা দপ্তরের অনিয়মিত কর্মীদের। খুশির হাওয়া শিক্ষা কর্মীদের মধ্যে। দীর্ঘ আইনি লড়াইয়ের অবসান ঘটল ত্রিপুরা শিক্ষা দপ্তরের গ্রুপ-ডি পদের ৬ জন অনিয়মিত কর্মচারীর। অবশেষে, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে নিয়মিতকরণের অফার লেটার পেলেন তাঁরা।

এই কর্মচারীরা দীর্ঘ বছর ধরে শিক্ষা দপ্তরের গ্রুপ-ডি পদে অত্যন্ত স্বল্প বেতনে এবং অস্থায়ীভাবে কাজ করে আসছিলেন বলে জানা গিয়েছে। সমকাজে সমবেতনের অধিকার এবং স্থায়ী চাকরি পাওয়ার জন্য তাঁরা প্রশাসনের দরজায় বারবার কড়া নাড়লেও কোনো সুরাহা মেলেনি। পরবর্তীতে, নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে তাঁরা আদালতের দ্বারস্থ হন। সর্বোচ্চ আদালত সমস্ত দিক বিবেচনা করে এই ৬ জন অনিয়মিত কর্মচারীকে অবিলম্বে নিয়মিত করার নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবশেষে ত্রিপুরা শিক্ষা দপ্তরের তরফ থেকে তাঁদের হাতে নিয়মিতকরণের অফার লেটার তুলে দেওয়া হয়েছে।

