আগুনে পুড়ে গেল কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বাসুনিয়ার ভাইপোর বাড়ি। বুধবার ভোর রাতে সিতাইয়ের বাড়িতে এই ঘটনাটি ঘটে।

জগদীশের বাড়ির তিনটি বাড়ির পরেই তাঁর ভাইপো অনিমেষের বাড়ি। অনিমেষের স্ত্রী তৃণমূলের প্রধান। ভোটের ফল প্রকাশের পর থেকে বাড়ি ছাড়া অনিমেষের পরিবার। এদিন ভোরবেলা অগ্নিকাণ্ডের খবর পেয়েই দিনহাটা থেকে দমকল কর্মীরা সেখানে ছুটে যায়। দমকলের একটি ইঞ্জিনের সাহায্যে কর্মীরা বেশ কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে সবকিছু পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য মঙ্গলবার জগদীশ কোচবিহারে ফিরলেও সিতাইয়ে যাননি। সিতাইয়ের অবশ্য বহু মানুষ জগদীশকে বিক্ষোভ দেখানোর জন্য জমায়েত হয়েছিলেন। এর পরেই রাতে ওই ঘটনা ঘটে। এর পিছনে দুষ্কৃতীদের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সিতাই থানার পুলিশ।

