শতাধিক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হাতে ডিম নিয়ে ‘মহিলা সংঘ’-এর কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তপ্ত পরিস্থিতির শেষে বিক্ষুব্ধ মহিলারা কার্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দেন।মঙ্গলবার বানারহাটের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনা।

স্থানীয় মহিলাদের অভিযোগ, বিগত প্রায় ৯ বছর ধরে তৃণমূল পরিচালিত মহিলা সংঘের কিছু নেত্রী বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। এই দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতেই এদিন তাঁরা সংঘের কার্যালয়ে হাজির হন। তবে সেখানে কোনো নেত্রীকে না পাওয়ায় তাঁদের ক্ষোভ আরও বৃদ্ধি পায়।
কার্যালয়ের ভেতরে ধান ঝাড়াই মেশিন ও মিনি পাওয়ার টিলারের মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের সরঞ্জাম দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে রয়েছে।
সংঘের নামে বরাদ্দ একটি গাড়ি নিয়ম ভেঙে বেসরকারি স্কুলে ভাড়া খাটানো হচ্ছে বলে অভিযোগ।
সরকারি সম্পত্তি ও প্রকল্পের সুযোগ-সুবিধা সাধারণ মানুষের কাজে না আসায় তাঁরা ক্ষুব্ধ।

খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, এলাকায় উত্তেজনা থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষুব্ধ মহিলারা পুরো ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহিলা সংঘের কোনো নেত্রীর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *