সোমবার আগরতলার শিশু বিহার স্কুলে নবম শ্রেণীর ছাত্রীদের মধ্যে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, শিক্ষা ক্ষেত্রে ত্রিপুরায় এখন ড্রপ আউটের সংখ্যা অনেক কম হয়েছে। বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকারের লক্ষ্য হচ্ছে মহিলাদের স্বশক্তিকরণ করা। কন্যা শিক্ষার প্রসার ও তাদের গুণগত মানের শিক্ষা দানের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলছেন যতক্ষণ পর্যন্ত মহিলাদের উন্নয়ন হবে না , ততক্ষণ কোন অবস্থায় দেশ ও সমাজের উন্নয়ন সম্ভব নয়।

জনসংখ্যার ৫০% হচ্ছেন মহিলা। এখন মহিলাদের সার্বিক উন্নয়ন, তাদের শিক্ষার ব্যবস্থা সম্প্রসারনের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে ত্রিপুরা সরকারও সেই দিশায় কাজ করছে। এবছর প্রায় ৪১,৮০০ বাই সাইকেল সারা ত্রিপুরার বিভিন্ন স্কুলের ছাত্রীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। এজন্য মূল অনুষ্ঠানটি হচ্ছে আগরতলার শিশু বিহার স্কুলে। বাই সাইকেল দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে যাতে ছাত্রীরা যথাসময়ে স্কুলে আসতে পারে তার ব্যবস্থা করা। সেই সঙ্গে পড়াশুনার প্রতি মেয়েদের উৎসাহ আরো বৃদ্ধি করা। মেয়েদের শিক্ষাকে যাতে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তারজন্য এই কার্যক্রমের আয়োজন। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তরের উদ্যোগে এই ধরণের কার্যক্রম আগামীদিনেও বজায় থাকবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, ত্রিপুরা শিক্ষা দপ্তরের সচিব ড. মিলিন্দ রামরেকে , শিক্ষা দপ্তরের অধিকর্তা অসীম সাহা সহ অন্যান্যরা।

