বাঘের হামলায় জখম এক যুবক। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছেনাগরাকাটা ব্লকের পশ্চিম খয়েরকাটা সাতহাতি কালীবাড়ি এলাকায়। জখম যুবকের নাম পরিমল রায়। বর্তমানে তিনি ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি বাঘ গ্রাম থেকে একটি ছাগল তুলে নিয়ে যায়। সকালে পরিমল রায় মাঠে কাজ করতে গিয়ে ঝোপঝাড় পরিষ্কার করছিলেন।

সেই সময় ঝোপের আড়ালে থাকা বাঘটি আচমকাই তাঁর উপর হামলা করে ,প্রাণ বাঁচাতে তিনি তার হাতে থাকা কাঁচি দিয়ে প্রতিরোধের চেষ্টা করেন, এবং কোনওরকমে সেখান থেকে পালিয়ে এসে পরিবারের সদস্যদের খবর দেন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার খবর পেয়ে নাথুয়া হাট রেঞ্জের বনকর্মী, ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মী এবং বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। বনদপ্তরের পক্ষ থেকে এলাকাবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বনদপ্তর বাঘটিকে নিরাপদে বনাঞ্চলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।

