ভূটানে টানা বৃষ্টির ফলে ইতিমধ্যেই উত্তরবঙ্গের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করেছে প্রশাসন। হাতিনালা-সহ একাধিক পাহাড়ি নদী ও ঝোরার জলস্তর দ্রুত বাড়তে শুরু করেছে। যার ফলে বানারহাট ব্লকের বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। নিম্নাঞ্চল গুলিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে।

এছাড়াও নাগরাকাটা–বানারহাট চালসা সড়কের বিভিন্ন অংশেও জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটেছে।
পরিস্থিতির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের অতি সক্রিয় ভূমিকা নজরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে নদী ও ঝোরার ধারে না যাওয়ার জন্য সতর্ক করা হচ্ছে। বিশেষ করে নদী পারাপার ও জলস্রোতের কাছে অপ্রয়োজনীয়ভাবে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি প্রস্তুত রয়েছে। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। আতঙ্কিত না হয়ে প্রশাসনের নির্দেশ অনুযায়ী চলার কথা বারবার বলা হচ্ছে।

