কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রের সংকোশ চা বাগানের ফাগু ডোবা এলাকায় অবশেষে শুরু হতে চলেছে বাঁধ নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরেই এই এলাকার বাসিন্দারা একটি স্থায়ী বাঁধের দাবি জানিয়ে আসছিলেন। তাঁদের সেই দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে প্রথম পর্যায়ে ৫০০ মিটার বাঁধ নির্মাণ করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার এলাকাটি পরিদর্শনে যান কুমারগ্রামের বিধায়ক তথা রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ। তাঁর সঙ্গে ছিলেন কুমারগ্রাম ব্লকের বিডিও সন্দীপ ধাড়া এবং সেচ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকাটি ঘুরে দেখে আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন মন্ত্রী।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, পূর্বতন তৃণমূল সরকারের আমলে এখানে বাঁধ নির্মাণ করা হলেও, বর্তমানে রক্ষণাবেক্ষণ ও দুর্নীতির কারণে তার বিন্দুমাত্র চিহ্ন অবশিষ্ট নেই। ফলে বর্ষার মরসুমে নদীভাঙনের আতঙ্কে দিন কাটাতে হতো স্থানীয়দের।পরিদর্শন শেষে মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ জানান, এলাকার মানুষের দাবি মেনে প্রথম পর্যায়ে ৫০০ মিটার পাকা বাঁধ নির্মাণ করা হবে। এরপর ধাপে ধাপে প্রয়োজন অনুযায়ী আরও বাঁধ তৈরি করা হবে, যাতে নদীভাঙনের হাত থেকে এই অঞ্চলকে পুরোপুরি সুরক্ষিত করা যায়। প্রশাসনের এই তৎপরতায় খুশির হাওয়া সংকোশ চা বাগানের ফাগুডোব এলাকায়।

