প্রেমিকাকে কুরুচিকর মন্তব্যের জেরে এক যুবককে বেধড়ক মারধরের ঘটনায় গ্রেফতার প্রেমিক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছেশিলিগুড়িতে। অভিযোগ যুবককে বেধড়ক মারধরের পর তার চারচাকা গাড়ি নিয়ে চম্পট দেয় অভিযুক্ত প্রেমিক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত অভিযুক্তের নাম বাপি বর্মন, বাড়ি বাঁশঝাড় মোড় এলাকায়। অভিযোগ, বাপি বর্মনের প্রেমিকাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে তারই এক বন্ধু। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে বাপি। ভেগা সার্কেলের সামনে ওই যুবককে ডেকে পাঠায় বাপি বর্মন।

সেখানে নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে অভিযুক্ত নিজেই একটি অনলাইন গাড়ি বুক করে আহত যুবককে বাড়ি পাঠিয়ে দেয়। তবে এখানেই শেষ নয়—তারপর বাপি বর্মন ওই যুবকের চারচাকা গাড়ি নিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আহত অবস্থায় বাড়ি ফিরলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। পুরো ঘটনা জানার পর যুবকের দাদা ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত বাপি বর্মনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে উদ্ধার করা হয় ওই চারচাকা গাড়িটি। মঙ্গলবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

